ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। জুলাই সনদের আলোকে সংবিধান সংস্কার না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়া শহরের পৌর মুক্তমঞ্চে বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণভোটের রায় বাস্তবায়ন, তেল-গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।
মামুনুল হক বলেন, শাপলা চত্বর ও মোদিবিরোধী আন্দোলনে আলেম-ওলামাদের রক্তের মধ্য দিয়ে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সূচনা হয়েছিল। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই আন্দোলনে বহু মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়। তবে নতুন স্বাধীনতার কথা শুনলে বর্তমান সরকার ও বিএনপির কিছু নেতার মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা যায় বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের শহীদদের রক্তের বিনিময়ে দেশে ক্ষমতার পরিবর্তন হয়েছে। কিন্তু বৈষম্য ও ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়ার যে লক্ষ্য নিয়ে আন্দোলন হয়েছিল, তা বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি দেখা যাচ্ছে না। তাঁর দাবি, ৩৩টি রাজনৈতিক দলের ঐকমত্যের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছিল এবং সেই অঙ্গীকারের ভিত্তিতেই জাতীয় নির্বাচনের পথে দেশ এগিয়েছে।
গণভোটের প্রসঙ্গ তুলে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, তাঁর দাবি অনুযায়ী, দেশের ৭০ শতাংশ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে মত দিয়েছেন। জনগণের এই সিদ্ধান্তের আলোকে রাষ্ট্র সংস্কার ও সংবিধান সংস্কারের উদ্যোগ নেওয়া প্রয়োজন। কিন্তু বিএনপি সংবিধান সংস্কারের শপথ না নিয়ে জনগণের প্রত্যাশার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেন তিনি।
মামুনুল হক বলেন, দুর্বল প্রক্রিয়ায় সংবিধান সংশোধনের পরিবর্তে জুলাই সনদের ধারাগুলো সংযুক্ত করে গণভোটের আলোকে সংবিধান সংস্কার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
দেশের জ্বালানি পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে সতর্ক করে মামুনুল হক অভিযোগ করেন, দেশের জ্বালানি খাতসংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো প্রতিবেশী দেশের স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তাঁর মতে, জ্বালানি সংকটের কারণে দেশের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।
বাংলাদেশ খেলাফত মজলিসের ব্রাহ্মণবাড়িয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা খন্দকার আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহসিনুল হাসান, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ এবং জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেন আকন্দসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
