
গণভোটের রায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য। নতুন সরকার ক্ষমতা গ্রহণের পর এই প্রথম সংসদের প্রধান বিরোধী দল হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার রাজপথে ঐক্যবদ্ধভাবে আনুষ্ঠানিক কর্মসূচি পালন করল জোটটি।
রোববার বিকেল ৫টায় জেলা শহরের টি.এ রোডের আশিক প্লাজার সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়। এতে ১১ দলীয় জোটের বিভিন্ন রাজনৈতিক দলের অসংখ্য নেতাকর্মী অংশ নেন।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মোবারক হোসাইন এবং সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা আমিনুল ইসলাম। এতে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মাওলানা মোবারক হোসাইন বলেন, “জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটাতে দ্রুত গণভোটের রায় বাস্তবায়ন জরুরি।” তিনি আরও বলেন, “জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে প্রকৃত গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব।
সমাবেশ থেকে নেতারা অভিযোগ করেন, সরকার গণভোটের রায়ের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা সরকারকে সতর্ক করে বলেন, দাবি বাস্তবায়নে বিলম্ব হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে শান্তিপূর্ণভাবে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।