ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার চম্পকনগর থেকে শিমরাইলকান্দি রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশার মূল স্টেশন পরিবর্তন করে লইস্কার বিল এলাকায় স্থানান্তরের সিদ্ধান্তে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা ও নিয়মিত যাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত সন্ধ্যায় স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ চম্পকনগর-শিমরাইলকান্দি রুটে সিএনজি চলাচলের পরিবর্তে চম্পকনগর থেকে লইস্কার বিলের বটতলা পর্যন্ত সিএনজি চলাচলের নতুন সিদ্ধান্তের কথা জানান।
এ সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার পর শিমরাইলকান্দি ও আশপাশের এলাকার সাধারণ যাত্রীদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। প্রতিদিন এ রুটে চলাচলকারী শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের যাতায়াতে ভোগান্তি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরে চম্পকনগর-শিমরাইলকান্দি রুটে সিএনজি অটোরিকশা চলাচল করে আসছে। ফলে এ রুটটি স্থানীয় মানুষের দৈনন্দিন যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। হঠাৎ করে মূল স্টেশন পরিবর্তন করা হলে শিমরাইলকান্দি ও আশপাশের এলাকার যাত্রীদের অতিরিক্ত পথ পাড়ি দিতে হতে পারে।
এতে সময় ও যাতায়াত ব্যয় দুটিই বাড়ার পাশাপাশি নারী, শিক্ষার্থী ও বয়স্ক যাত্রীদের দুর্ভোগের আশঙ্কাও করছেন তারা।
স্থানীয়দের দাবি, সাধারণ যাত্রীদের সুবিধা ও দীর্ঘদিনের যাতায়াত ব্যবস্থা বিবেচনা করে সিএনজি স্টেশন পরিবর্তনের সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করা হোক। একই সঙ্গে বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জনসাধারণের ভোগান্তি কমানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।
