ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় জাতীয় গ্রিডের বিপর্যয়ে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ ঘটনা ঘটে। তবে ব্রাহ্মণবাড়িয়া জেলায় বিদ্যুৎ সরবরাহে কোনো বিঘ্ন ঘটেছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি জানিয়েছে, ঢাকার পূর্বাঞ্চলের ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। একই সময়ে চট্টগ্রামের একাংশেও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। পাওয়ার গ্রিড বাংলাদেশের প্রকৌশলীরা জাতীয় লোড ডেসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনের চেষ্টা করছেন।
পাওয়ার গ্রিড বাংলাদেশ জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল রয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) চেয়ারম্যান মো. রেজাউল করিম জানিয়েছেন, গ্রিড মেরামতের কাজ চলছে এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলে আশা করা হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া জেলার বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য পাওয়া গেলে তা হালনাগাদ করা হবে।
