ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নিখোঁজের তিন দিন পর আজিম (৩০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তাঁর চাচাতো ভাই রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, তিনি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
সোমবার (২৬ অক্টোবর) রাতে উপজেলার পত্তন ইউনিয়নের লক্ষ্মীমোড়া গ্রামের ‘বড় পুকুর’ নামক স্থানের একটি পুকুরের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আজিম ওই গ্রামের আলী আজগর মিয়ার ছেলে। আটক রফিকুল ইসলাম একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, গত ২৪ অক্টোবর ভোর সাড়ে ৫টার দিকে আজিম নিখোঁজ হন। নিখোঁজ হওয়ার দিন ভোরে রফিকুল ইসলামের সঙ্গে মুঠোফোনে আজিমের সর্বশেষ যোগাযোগ হয়েছিল। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
সোমবার রাতে রফিকুল ইসলামের বাড়ির সামনে দিয়ে যাতায়াতের সময় দুর্গন্ধ পান স্থানীয়রা। পরে বাড়ির পাশের বড় পুকুরে খোঁজাখুঁজি করে ঝোপের মধ্যে আজিমের মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে বিজয়নগর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
নিহত আজিম ও আটক রফিকুল ইসলাম সম্পর্কে চাচাতো ভাই।
এ বিষয়ে বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজীব চন্দ্র সরকার জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। তিনি প্রাথমিকভাবে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
