মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
‘বৃক্ষরোপণে সবুজ দেশ, সুস্থ পরিবেশ, সুন্দর বাংলাদেশ’ এবং ‘মাদকমুক্ত সমাজ চাই, সুন্দর ভবিষ্যৎ গড়তে চাই’—এই প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ার কনিকাড়ায় কনিকাড়া পেশাজীবী সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি, মাদকবিরোধী র্যালি ও সমাবেশ এবং প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) দিনব্যাপী আয়োজিত এসব কর্মসূচিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরিবেশ রক্ষার পাশাপাশি তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হয়।
কর্মসূচির শুরুতে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। পরে মাদকবিরোধী র্যালি বের করা হয়। র্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, একটি গাছ যেমন পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তেমনি একটি মাদকমুক্ত প্রজন্মই পারে একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে। পরিবেশ সংরক্ষণ ও মাদকবিরোধী সামাজিক আন্দোলনকে আরও জোরদার করার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর প্রীতি ফুটবল ম্যাচ। খেলাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলোয়াড়দের পাশাপাশি বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠজুড়ে ছিল প্রাণচাঞ্চল্য।
প্রীতি ফুটবল ম্যাচ শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) আতিকুর রহমান চৌধুরী এবং অ্যাডভোকেট রাজিব আহসান চৌধুরী পাপ্পুসহ সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজক ও অংশগ্রহণকারীরা স্মৃতিময় মুহূর্ত ফ্রেমবন্দি করেন।
আয়োজক কনিকাড়া পেশাজীবী সংস্থা সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সম্প্রীতি জোরদারে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।
