ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিদ্যাকুট বড়বাড়ি এলাকায় দুই দিন নিখোঁজ থাকার পর মিম (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।
নিহত মিম বিদ্যাকুট বড়বাড়ি এলাকার মিজান মিয়ার মেয়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত দুই দিন ধরে মিম নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। পরে বিদ্যাকুট বড়বাড়ির একটি পুকুরপাড়ের ঝোপঝাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
তবে শিশুটির মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। কীভাবে তার মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্যও জানা যায়নি।
ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। মৃত্যুর প্রকৃত কারণ ও ঘটনার বিস্তারিত রহস্য উদঘাটনে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।
