ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেন থেকে পড়ে আহত অবস্থায় আনুমানিক ১০ বছর বয়সী এক অজ্ঞাত কিশোরকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। তবে এখন পর্যন্ত তার পরিবারের কোনো সন্ধান পাওয়া যায়নি।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে আখাউড়ার গঙ্গাসাগর রেলস্টেশনে ঢাকাগামী পর্যটন এক্সপ্রেস ট্রেন থেকে পড়ে কিশোরটি আহত হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কিশোরটিকে আহত অবস্থায় দেখতে পান স্থানীয় চিকিৎসক সাদ। পরে তার সহায়তায় কিশোরটিকে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার ব্যবস্থা করা হয়। সেখান থেকে রাত ১১টার দিকে বিল্লালসহ দুই যুবক তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের টিকিটে উদ্ধারকারীর নাম হিসেবে ‘বিল্লাল’ উল্লেখ করা হয়েছে।
পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের উদ্যোগে কিশোরটিকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া বাতিঘরের তত্ত্বাবধানে তার চিকিৎসা ও প্রয়োজনীয় সেবার ব্যবস্থা করা হচ্ছে। হাসপাতালের চিকিৎসক ও নার্সরাও তাকে নিয়মিত চিকিৎসা ও সেবা দিয়ে যাচ্ছেন।
সোমবার সকালে স্বাস্থ্যকর্মী উজ্জ্বল কিশোরটিকে গোসল করিয়ে নতুন পোশাক পরিয়ে দেন। বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও সে এখনও অচেতন রয়েছে। ফলে তার নাম-পরিচয় কিংবা পরিবারের বিষয়ে কোনো তথ্য জানা সম্ভব হয়নি।
কিশোরটির পরিচয় শনাক্ত করতে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। ছবিতে থাকা কিশোরটিকে কেউ চিনে থাকলে অথবা তার পরিচয় ও পরিবারের বিষয়ে কোনো তথ্য জানা থাকলে দ্রুত আখাউড়া থানা কিংবা Brahmanbaria Batighar – ব্রাহ্মণবাড়িয়া বাতিঘর-এর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগ: ০১৭৯৮-০৯১৭২১
কিশোরটির পরিবারের কাছে পৌঁছাতে সংবাদটি বেশি বেশি শেয়ার করার অনুরোধ জানিয়েছে সংশ্লিষ্টরা।
