ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: দীর্ঘ দুই বছর পর আবারও ব্রাহ্মণবাড়িয়ায় বসতে যাচ্ছে ঐতিহ্যবাহী নৌকাবাইচের আসর। আগামী ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ‘নৌকাবাইচ-২০২৬’। উৎসবমুখর ও বর্ণাঢ্য আয়োজনে নৌকাবাইচ সম্পন্ন করতে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি ও সিদ্ধান্ত।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নৌকাবাইচ-২০২৬ আয়োজন উপলক্ষে অনুষ্ঠিত প্রস্তুতিমূলক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। সভাটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে।
সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক, জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসাইন আকন্দ, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানিম সাহেদ রিপন, সাংবাদিক পীযুষ কান্তি আচার্য, আল আমিন শাহিন এবং নৌকাবাইচ সংগঠক অ্যাডভোকেট মো. ইসহাকসহ সংশ্লিষ্টরা।
দুই বছর বন্ধ ছিল আয়োজন
ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী এ নৌকাবাইচ ২০২৪ ও ২০২৫ সালে অনুষ্ঠিত হয়নি। ফলে দুই বছর বিরতির পর এবারের আয়োজন ঘিরে স্থানীয়দের মধ্যে তৈরি হয়েছে আগ্রহ ও উৎসাহ।
সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতির শহর হিসেবে পরিচিত। জেলার ঐতিহ্য ও সংস্কৃতির চর্চা অব্যাহত রাখতে নৌকাবাইচের মতো আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে এই আয়োজনকে কেন্দ্র করে কোনো ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড যাতে না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
নৌকায় সাউন্ড সিস্টেম ও বাদ্যযন্ত্রে নিষেধাজ্ঞা
সভায় নৌকাবাইচে অংশ নেওয়া নৌকা ও দর্শনার্থীদের নৌকায় সাউন্ড সিস্টেম ব্যবহার না করার সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে বাদ্যযন্ত্র বাজিয়ে নাচানাচিও করা যাবে না বলে সভায় জানানো হয়।
আয়োজনটি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতার আহ্বান জানানো হয়।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘সবার সহযোগিতায় শান্তিপূর্ণ ও আনন্দমুখর পরিবেশে নৌকাবাইচ আয়োজন করতে চাই।’
