ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন (৪৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাইশমোজা বাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে জানা গেছে, আফজাল হোসেন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সহিংসতা, নাশকতা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে নবীনগর থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে তাকে নবীনগর থানায় নিয়ে যাওয়া হয়।নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
