নবীনগর প্রতিনিধি: রহমতুল্লাহ
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া নবীনগর উপজেলার ছয় সূর্যসন্তানের স্মরণে নির্মিত ‘জুলাই স্মৃতি স্তম্ভ’-এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) সকাল ১১টায় নবীনগর থানা প্রাঙ্গণের প্রবেশদ্বারে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে স্মৃতি স্তম্ভটির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান।
উদ্বোধন শেষে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি অ্যাডভোকেট আব্দুল মান্নান বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানে স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগের দাবিতে দেশব্যাপী আন্দোলনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে নবীনগর উপজেলার ছয়জন শহীদ হন। তাদের এই আত্মত্যাগ গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, শহিদদের স্মরণে নির্মিত এই স্মৃতি স্তম্ভ ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাঁদের আত্মত্যাগের নিদর্শন হিসেবে কাজ করবে এবং স্বাধীনতা ও ন্যায়বিচারের চেতনা জাগ্রত রাখবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম হোসেন খান টিটু, সাংগঠনিক সম্পাদক আসরাফ হোসেন রাজু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহামেদ, বিএনপি নেতা সাদেকুল ইসলাম সাদির, আমির হোসেন, যুবদল নেতা কাজী সুমনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় তাঁদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
