নিউজ রিপোর্ট:শেখ ইলিয়াস
সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ‘রক্তাক্ত জুলাই-২৪’ শীর্ষক শহিদ স্মরণ ও আলোচনা সভা এবং ঐতিহাসিক গ্রন্থ ‘জুলাইয়ের আবাবিল’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জুলাই আন্দোলনের শহিদদের আত্মত্যাগ স্মরণ, তাদের আদর্শ সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাইয়ের ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের বক্তব্যে জুলাইয়ের ঘটনাবলিকে জাতির জন্য এক গৌরবময় অধ্যায় হিসেবে উল্লেখ করা হয়। বক্তারা বলেন, জুলাই শুধু একটি সময় নয়—এটি ন্যায়, অধিকার ও আত্মত্যাগের প্রতীক, যা ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ আলেম সমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি মুফতি মাসুম বিল্লাহ মাহমুদী, সাধারণ সম্পাদক আকিফ আব্দুল্লাহ, প্রধান সমন্বয়ক ও মুখপাত্র রিদওয়ান হাসান, সাংগঠনিক সম্পাদক ইউসুফ আহমাদসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া ইউনুসিয়ার মুহতামিম মুফতি মুবারকুল্লাহ, ব্রাহ্মণবাড়িয়া পৌর প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশের জেলা সাধারণ সম্পাদক মুফতি আলী আজম কাসেমী, সিনিয়র মুহাদ্দিস মুফতি মারুফ কাসেমী, মুফতি রুহুল আমিন কাসেমী, মুফতি ইকরাম, মুফতি জুনাইদ কাসেমী, মুফতি আবু ইউসুফ ভূঁইয়াসহ বিশিষ্ট আলেমে দ্বীন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ—জাতীয় নাগরিক পার্টির বিভাগীয় সংগঠক আতাউল্লাহ, বাংলাদেশ খেলাফত মজলিসের সহ-সভাপতি হাফেজ আব্দুল করিম, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সহ-সভাপতি গাজী নিয়াজুল করিম, জাতীয় যুবশক্তির সভাপতি মুজিবুর রহমান, ছাত্রশক্তির সভাপতি তাজুল ইসলাম, দ্য রেড জুলাইয়ের সভাপতি সুলতান নাইমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইনসাফ টাইমস ২৪-কে দেওয়া এক প্রতিক্রিয়ায় সাধারণ আলেম সমাজ, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার মুখপাত্র মোল্লা জাহিদুল হাসান ইসরাফিল বলেন, “জুলাই শুধু একটি মাসের নাম নয়; এটি আত্মত্যাগ, ন্যায়বিচার এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার এক গৌরবময় ইতিহাস। নতুন প্রজন্মের কাছে জুলাইয়ের প্রকৃত ইতিহাস পৌঁছে দিতে আমরা ধারাবাহিকভাবে কাজ করে যাব।”
বক্তারা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মত্যাগকে জাতির জন্য প্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেন। পাশাপাশি ‘জুলাইয়ের আবাবিল’ গ্রন্থটি জুলাই আন্দোলনের ইতিহাস সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথি, সাধারণ আলেম সমাজের নেতাকর্মী ও সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন।
শেখ ইলিয়াছ
