ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের প্রচেষ্টায় প্রথমবারের মতো জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার তিনটি কলেজসহ ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (২৫ জুন) দুপুর ২টায় নাসিরনগর সরকারি কলেজ ও চাতলপাড় ডিগ্রি কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীসহ গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়, কুন্ডা উচ্চ বিদ্যালয় এবং ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়-এর বিভিন্ন শ্রেণির ৬০ জন শিক্ষার্থী সংসদ ভবনে যান।
এ সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ১০ জন করে শিক্ষার্থী সংসদ ভবনের নির্মাণশৈলী ঘুরে দেখেন। পরে সংসদ সদস্য এম এ হান্নান শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সংসদের এলডি হলে মধ্যাহ্নভোজে অংশ নেন এবং তাদের খোঁজখবর নেন।
বিকেল ৩টায় বাজেট অধিবেশন শুরু হলে শিক্ষার্থীরা সংসদের দর্শনার্থী গ্যালারিতে বসে অধিবেশনের কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় তাদের সঙ্গে কলেজের প্রভাষক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন-এর উদ্যোগে বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংসদ অধিবেশন পর্যবেক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে। এরই ধারাবাহিকতায় ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এম এ হান্নানের উদ্যোগে প্রথমবারের মতো নাসিরনগর উপজেলার শিক্ষক ও শিক্ষার্থীরা জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি দেখার সুযোগ পেলেন।
উল্লেখ্য, নাসিরনগরের ইতিহাসে এই প্রথম শিক্ষার্থীরা জাতীয় সংসদের বাজেট অধিবেশন সরাসরি প্রত্যক্ষ করার সুযোগ পেয়েছেন। এ সুযোগ সৃষ্টি করে দেওয়ায় অভিভাবক মহলসহ স্থানীয়রা সংসদ সদস্য এম এ হান্নানকে অভিনন্দন জানিয়েছেন।
