মোহাম্মদ মাসুদ, নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া):
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিরাপত্তাসহ ১১ দফা বাস্তবায়নের দাবিতে পুলিশ সদস্যরা কর্মবিরতি ও বিক্ষোভ করেছেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালেই থানা প্রাঙ্গণে দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করা হয়।
থানা ভবনের সামনে উপস্থিত ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরে আলম এবং চাতলপাড় তদন্ত কেন্দ্রের ইনচার্জ রঞ্জন কুমার ঘোষ। এ সময় পুলিশের এসআই, এএআই ও কনস্টেবলরা কর্মবিরতিতে অংশ নেন এবং রাজনৈতিক উদ্দেশ্য গ্রহণ ও আত্মগোপনে থাকা উর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
পুলিশ সদস্যরা জানান, তারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ নেন এবং কোনও সরকারের পক্ষে কাজ করবেন না। তারা দাবি করেন, পুলিশ জনগণের বন্ধু, শত্রু নয়।
কর্মবিরতিতে অংশগ্রহণকারীরা ১১ দফা দাবি তুলে ধরেন, যার মধ্যে রয়েছে:
- পুলিশ সদস্য হত্যার বিচার ও ক্ষতিপূরণ প্রদান
- পুলিশের ইউনিফর্ম পরিবর্তন ও কনস্টেবল থেকে আইজি পর্যন্ত একক ড্রেসকোড নিশ্চিতকরণ
- পুলিশের রাজনীতিমুক্ত ও নিরপেক্ষভাবে কাজ করার সুযোগ
- ৮ ঘন্টার বেশি ডিউটি না করা
- পদোন্নতির ক্ষেত্রে উর্ধ্বতন কর্মকর্তাদের মতো সমতা
- ছুটি ২০ দিনের পরিবর্তে ৬০ দিনে উন্নীতকরণ
- অফিসারদের মতো কনস্টেবলদের সোর্স মানি প্রদান
- প্রতি মাসের ১০ তারিখের মধ্যে টিএ-ডিএ বিল প্রদান
- পুলিশ সদস্যদের ঝুঁকিভাতা বৃদ্ধি
- নিজ রেঞ্জে বদলির সুবিধা
এ সময় কনস্টেবল লুৎফর রহমান মীর, মো. রিয়াজ উদ্দিন, সাদ্দাম হোসেনসহ অন্যান্য পুলিশ সদস্য বক্তব্য রাখেন।
