ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনের প্রকাশ্যে আসা ও কর্মসূচি পালনের প্রতিবাদে তাকে গ্রেপ্তারের দাবিতে মিছিল ও ছাত্রসমাবেশ করেছে জেলা ছাত্রদল।
সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা ছাত্রদলের উদ্যোগে প্রতিবাদ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রেসক্লাব প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত ছাত্রসমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাজিদুর রহমান সাজিদের সঞ্চালনায় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জিমি হৃদয়, বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রনি, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাসেল সরকার, সাবেক সহসভাপতি মোকারম হোসেন আদি, যুগ্ম আহ্বায়ক রিজোয়ান হক (শীষ) এবং সদস্যসচিব সমীর চক্রবর্তী।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি নিষিদ্ধ ছাত্রলীগের নেতা শাহাদাৎ হোসেন শোভন প্রকাশ্যে এসে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন। তার নেতৃত্বে নৌমহড়া ও সভা অনুষ্ঠিত হলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে দাবি করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, ওই কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিদের মধ্য থেকেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
সমাবেশ থেকে শাহাদাৎ হোসেন শোভনসহ নিষিদ্ধ ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে এসে ছাত্রদলের রাজনৈতিক মোকাবিলা করার আহ্বান জানান বক্তারা।
তারা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো নেতাকর্মী প্রকাশ্যে এসে কর্মসূচি পালন করলে প্রশাসনকে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে হবে। অন্যথায় ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
