ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটায় জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ কমে গেছে। এর প্রভাবে ব্রাহ্মণবাড়িয়াসহ বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) বিতরণ এলাকার ছয় জেলায় গ্যাসের স্বল্পচাপ দেখা দিয়েছে।
বুধবার (১২ আগস্ট) বিজিডিসিএলের পক্ষ থেকে দেওয়া এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিকূল আবহাওয়ার কারণে এলএনজি টার্মিনাল (FSRU) থেকে এলএনজি সরবরাহে বিঘ্ন ঘটছে। ফলে জাতীয় পর্যায়ে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ অনাকাঙ্ক্ষিত পর্যায়ে হ্রাস পেয়েছে।
এর প্রভাবে বিজিডিসিএলের আওতাধীন কুমিল্লা, নোয়াখালী, চাঁদপুর, ফেনী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করছে।
বিজিডিসিএল জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ সমস্যা সাময়িকভাবে অব্যাহত থাকতে পারে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবার সহযোগিতা কামনা করেছে কর্তৃপক্ষ।
গ্যাস-সংক্রান্ত যেকোনো তথ্য বা প্রয়োজনে বিজিডিসিএলের হটলাইন ১৬৫২৩ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
