বাঞ্ছারামপুর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে প্রাইভেটকারে করে গাঁজা বহনের সময় দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদক বহনে ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার (২১ আগস্ট) বিকেল ৫টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে বাঞ্ছারামপুর থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানে উপজেলার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বটতলী এলাকায় একটি প্রাইভেটকার আটক করা হয়। পরে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৮ কেজি গাঁজা উদ্ধার এবং দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মৌলভীবাজার সদর উপজেলার সোনাপুর গ্রামের তাহির আলীর ছেলে মো. ফয়ছল আহমদ এবং হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গনেশপুর গ্রামের মৃত কাছন আলীর ছেলে মরম আলী।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গ্রেপ্তার ফয়ছল আহমদের বিরুদ্ধে এর আগে চুরি, মাদক ও ডাকাতির প্রস্তুতিসহ মোট আটটি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টি চুরি, একটি মাদক এবং একটি ডাকাতির প্রস্তুতির মামলা। অপর গ্রেপ্তার মরম আলীর বিরুদ্ধেও একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানে জব্দ করা গাঁজা ও প্রাইভেটকার বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এ ঘটনায় বাঞ্ছারামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
