বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ছতরপুর উচ্চ বিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে অংশ নেওয়া কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। বিজ্ঞান বিভাগেও ফলাফল হয়েছে হতাশাজনক। এ বিভাগে পরীক্ষায় অংশ নেওয়া ২৫ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে মাত্র ৯ জন। সব বিভাগ মিলিয়ে বিদ্যালয়টির মোট পাসের হার ৩০ শতাংশ।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এ বছর মানবিক বিভাগ থেকে দুজন এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে তিনজন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। তাদের কেউই পাস করতে পারেনি।
অন্যদিকে, বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৫ জন। এর মধ্যে মাত্র ৯ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। তিন বিভাগ মিলিয়ে বিদ্যালয়ের মোট পাসের হার দাঁড়িয়েছে ৩০ শতাংশ।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হারুনুর রশিদ বলেন, শিক্ষার্থীদের অবহেলা ও অভিভাবকদের উদাসীনতার কারণে এমন ফল হয়েছে। যারা পাস করতে পারেনি, তাদের অনেকেই বিদ্যালয়ে নিয়মিত ছিল না। ফরম পূরণের পরও নানা চেষ্টা করে তাদের নিয়মিত বিদ্যালয়ে আনা সম্ভব হয়নি।
বিদ্যালয়টিতে বর্তমানে ৩৩৪ জন শিক্ষার্থী ও ১২ জন শিক্ষক রয়েছেন। শিক্ষকদের মধ্যে বিজ্ঞান বিভাগে রসায়ন, কৃষিশিক্ষা ও হিসাববিজ্ঞানের একজন করে শিক্ষক রয়েছেন। অন্য শিক্ষকরা মূলত মানবিক বিভাগের বিষয় পড়ান।
বিদ্যালয়ের এমন ফলাফল নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে। শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, অভিভাবকদের সচেতনতা বাড়ানো এবং বিষয়ভিত্তিক শিক্ষকের ঘাটতি পূরণের মাধ্যমে আগামীতে ফলাফল উন্নয়নের দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
