মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার; মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
বিশেষ প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সদৃশ ‘স্কফ’সহ আবুল কালাম (৫৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টা ৫ মিনিটে উপজেলার ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের সেজামুড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল সেজামুড়া এলাকায় অভিযান চালায়। এ সময় স্থানীয় রহিমের বসতবাড়ির পশ্চিম পাশের সলিং রাস্তায় তল্লাশি চালিয়ে ২০ বোতল স্কফসহ আবুল কালামকে গ্রেপ্তার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা আলামত জব্দ করা হয়।
গ্রেপ্তার আবুল কালাম সরাইল উপজেলার শাহবাজপুর (মুড়া হাটি) এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে সরবরাহের সঙ্গে আবুল কালাম জড়িত ছিলেন। তবে তার বিরুদ্ধে আনা অভিযোগের চূড়ান্ত সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে।
এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় নিয়মিত মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-২৩ এবং জিআর নম্বর-৩৬৫।
বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
