ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ডাকাতের হামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুই কনস্টেবল গুরুতর আহত হয়েছেন। গত বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে উপজেলার শেখ হাসিনা সড়কের ভাঙা ব্রিজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন— মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের কনস্টেবল হাফেজ মোহাম্মদ সারোয়ার আলম (২৩) ও মো. ইব্রাহিম খলিল (২২)। তাদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভাগীয় সূত্র জানায়, ঘটনার দিন ওই দুই কনস্টেবল একটি মাদক মামলার এজাহার বিজয়নগর থানায় নথিভুক্ত করে জেলা সদরে ফিরছিলেন। পথে ভাঙা ব্রিজ এলাকায় পৌঁছালে ডাকাত দল তাদের গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। এসময় ডাকাতরা তাদের মারধর করে মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ব্রাহ্মণবাড়িয়ার উপ-পরিচালক সাজেদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতরা বর্তমানে সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিজয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ডাকাতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে। একইসঙ্গে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।”
