মোছাব্বির হাসান সজীব, ব্রাহ্মণবাড়িয়া।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ১নং বুধন্তী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আমিনুল ইসলাম ‘মোছন’। দীর্ঘদিন ধরে মানুষের পাশে থাকা, সুখে-দুঃখে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং এলাকার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে তিনি ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মোছন বলেন, “নেতৃত্ব শুধু একটি পদ নয়; নেতৃত্ব মানে মানুষের সেবা, সততা, ন্যায়পরায়ণতা, দক্ষতা ও উন্নয়নের অঙ্গীকার।” তিনি বুধন্তী ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
তার ঘোষিত স্বপ্ন ও পরিকল্পনার মধ্যে রয়েছে বুধন্তী ইউনিয়নের আধুনিকায়ন, ইউনিয়নের সকল রাস্তাঘাট পর্যায়ক্রমে পাকাকরণ, ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা, মাদক ও ঘুষমুক্ত ইউনিয়ন গঠন, বেকারত্ব দূরীকরণে সার্বিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং গৃহহীন মানুষের পুনর্বাসনের ব্যবস্থা করা।
আমিনুল ইসলাম মোছনের ভাষ্য অনুযায়ী, তিনি নেতৃত্বে সুশিক্ষা, মেধা, সততা, দক্ষতা, পারদর্শিতা, শৃঙ্খলা, খোদাভীরুতা ও ইনসাফকে গুরুত্ব দিতে চান। তার লক্ষ্য জনগণের অংশগ্রহণ ও সহযোগিতার মাধ্যমে বুধন্তী ইউনিয়নের উন্নয়নকে আরও গতিশীল করা।
ইউনিয়নবাসীর উদ্দেশে তিনি বলেন, “আপনাদের মূল্যবান মতামত, পরামর্শ, দোয়া ও সমর্থন আমার একান্ত কাম্য। আসুন, আমরা সবাই মিলে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ১নং বুধন্তী ইউনিয়ন গড়ে তুলি।”
স্থানীয় পর্যায়ে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার পাশাপাশি আমিনুল ইসলাম মোছন প্রবাসী বাংলাদেশিদের সংগঠনেও দায়িত্ব পালন করছেন। তিনি বুধন্তী ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সভাপতি, বুধন্তী ইউনিয়ন বিএনপির সদস্য, সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য পরিষদ সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক এবং শ্রমিক দল সৌদি আরব পশ্চিমাঞ্চলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন বলে তার পক্ষ থেকে জানানো হয়েছে।
চেয়ারম্যান প্রার্থী আমিনুল ইসলাম মোছন বলেন, জনগণের আস্থা ও ভালোবাসাকে সঙ্গে নিয়ে তিনি বুধন্তী ইউনিয়নের উন্নয়ন, নাগরিকসেবা নিশ্চিতকরণ এবং সামাজিক শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠায় কাজ করতে চান।
তার নির্বাচনী প্রত্যয়ের মূলমন্ত্র “সততা, নিষ্ঠা ও উন্নয়ন”। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ১নং বুধন্তী ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।
