ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বটতলী নাটাই এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ ও বিভিন্ন অনিয়মের দায়ে পিওর সুইটমিট অ্যান্ড বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে প্রতিষ্ঠানটির কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, কারখানাটিতে নোংরা পরিবেশে বেকারি পণ্য সংরক্ষণ, অপরিষ্কার ও স্যাঁতসেঁতে বক্সে চিনির গুঁড়া রাখা এবং ঢাকনাবিহীন পাত্রে লেবেল ছাড়া কুকিজের খামির সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া মিষ্টির সিরায় ময়লা ও পোকার অংশবিশেষ পাওয়া যায়। অভিযানের সময় প্রতিষ্ঠানটি কাঁচামাল কেনার চালান ও উৎপাদিত পণ্যের বিএসটিআই লাইসেন্সও দেখাতে পারেনি।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানের মালিক দোষ স্বীকার করায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈকত ভট্টাচার্যের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ব্রাহ্মণবাড়িয়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আসিফুর রহমানসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে খাদ্য উৎপাদন ও সংরক্ষণের ক্ষেত্রে প্রচলিত আইন মেনে চলা এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
