মাহমুদুল হাসান জামিল
বিজয়নগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
চট্টগ্রামের মীরসরাইয়ে হাসপাতালের টিকিট কাউন্টারে ভিড়ের মধ্যে রোগীদের গলা থেকে স্বর্ণের চেইন চুরির অভিযোগে সাত নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার নারীদের মধ্যে ছয়জনই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার বাসিন্দা।
রোববার (২৫ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে মীরসরাইয়ের মস্তাননগর হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারের সামনে থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় চুরি যাওয়া স্বর্ণালংকারের ৬ আনা ২ রতি ১ পয়েন্ট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, টিকিট সংগ্রহের লাইনে ভিড় ও ধাক্কাধাক্কির সুযোগে তিন নারীর গলা থেকে তিনটি স্বর্ণের চেইন চুরি হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে সাত নারীকে গ্রেপ্তার করে জোরারগঞ্জ থানা-পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নাসিরনগর উপজেলার ধরমণ্ডল এলাকার ছয় নারী এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার এক নারী রয়েছেন।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার নারীরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাঁদের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল হালিম জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গ্রেপ্তার নারীদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
