নিহতের পরিবারে ৫ লাখ, গুরুতর আহতদের ৩ লাখ ও আহত একজন পেলেন ১ লাখ টাকা
ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সময়ে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের আর্থিক ক্ষতি কিছুটা লাঘবে ১৭টি পরিবারের মাঝে মোট ৭৭ লাখ টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ট্রাস্টি বোর্ডের অনুমোদনে এসব চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে ক্ষতিপূরণের চেক তুলে দেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
বিতরণ করা অর্থের মধ্যে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪টি পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকা করে মোট ৭০ লাখ টাকা দেওয়া হয়। এছাড়া গুরুতর আহত দুইজনকে ৩ লাখ টাকা করে মোট ৬ লাখ টাকা এবং অপর একজন আহতকে ১ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়েছে।
জেলা প্রশাসক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের সদস্যরা নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে পারেন। আবেদন যাচাই-বাছাই ও প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিআরটিএ ট্রাস্টি বোর্ডের অনুমোদনের ভিত্তিতে ক্ষতিপূরণের অর্থ প্রদান করা হয়।
তিনি বলেন, স্বজন হারানোর ক্ষতি কোনো অর্থ দিয়েই পূরণ করা সম্ভব নয়। তবে এই ক্ষতিপূরণের অর্থ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর চিকিৎসা ব্যয়, দৈনন্দিন জীবনযাপন ও অন্যান্য আর্থিক সংকট মোকাবিলায় কিছুটা সহায়তা করবে।
মোট ১৭ পরিবার—ক্ষতিপূরণ ৭৭ লাখ টাকা।
