ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় আবাসিক, বাণিজ্যিক ও শিল্প—সব ধরনের গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে গেছে। বুধবার (১২ আগস্ট) দুপুর থেকে জেলার বিভিন্ন এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ।
গ্যাস সংকটের কারণে জেলার পাঁচটি সিএনজি ফিলিং স্টেশন ও ১৭টি গ্যাসনির্ভর শিল্পকারখানা পুরোপুরি বন্ধ রয়েছে। একই সঙ্গে আবাসিক গ্রাহকদের বাসাবাড়িতেও গ্যাস না থাকায় দুর্ভোগ বেড়েছে কয়েকগুণ।
গ্যাসের অভাবে জেলার বিভিন্ন এলাকায় মাটির চুলায় রান্না করতে দেখা গেছে। অনেক পরিবার বাধ্য হয়ে সিলিন্ডার গ্যাস কিনে রান্নার কাজ চালিয়ে নিচ্ছেন। এতে বাড়তি খরচের পাশাপাশি রান্নাবান্না নিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বাসিন্দারা।
বুধবার দুপুর থেকে হঠাৎ করে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় আবাসিক গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে হিমশিম অবস্থা। নিত্যদিনের রান্নাবান্না চালাতে কেউ মাটির চুলা তৈরি করছেন, আবার কেউ সিলিন্ডার গ্যাসের ওপর নির্ভর করছেন।
তবে জেলার কিছু এলাকায় স্বল্প পরিসরে গ্যাস সরবরাহ থাকলেও চাপ এতটাই কম যে চুলার আগুন অনেকটা নিভু নিভু অবস্থায় রয়েছে। এতে রান্না করতে স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি সময় লাগছে।
এদিকে গ্যাস না থাকায় সিএনজি অটোরিকশাচালক, হোটেল-রেস্তোরাঁ ব্যবসায়ী ও গ্যাসনির্ভর শিল্পকারখানার শ্রমিকরাও বিপাকে পড়েছেন। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক না হলে জনদুর্ভোগের পাশাপাশি ব্যবসা-বাণিজ্য ও শিল্প খাতে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
হঠাৎ সৃষ্ট এ গ্যাস সংকটে ভোগান্তিতে থাকা গ্রাহকরা দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
