ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের ঝটিকা মিছিলের ঘটনায় ২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করেছে পুলিশ। এ ঘটনায় আবু বক্কর রিফাত নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় শহরের বোর্ডিং মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিফাত নবীনগর উপজেলার খারঘর গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার সকালে শহরের পূর্ব মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীরা ঝটিকা মিছিল করেন। মিছিলে নেতৃত্ব দেন পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা ছাত্রলীগ নেতা লিমন আল স্বাধীন।
পরে লিমন আল স্বাধীন তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ৪৭ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করলে সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনা সৃষ্টি হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ জানায়, ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
