ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সঙ্গে নতুনভাবে যুক্ত হয়েছে ‘বরিশল’ ইউনিয়ন। সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ছয়টি গ্রাম নিয়ে গঠিত এ নতুন ইউনিয়নের মাধ্যমে আখাউড়ায় ইউনিয়নের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬টি।
মঙ্গলবার (১২ মে) জেলা প্রশাসক মো. আবু সাঈদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
নতুন বরিশল ইউনিয়নের অন্তর্ভুক্ত গ্রামগুলো হলো— বরিশল, কোড্ডা, চান্দি, শ্যামনগর, বৈষ্ণবপুর ও কোড়াবাড়ি। প্রায় সাড়ে ১৭ হাজার জনসংখ্যার এই ইউনিয়নের আয়তন প্রায় ১২ বর্গকিলোমিটার এবং এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।
স্থানীয়দের দাবি, ভৌগোলিক অবস্থান ও সহজ যাতায়াত ব্যবস্থার কারণে এসব গ্রামের মানুষ দীর্ঘদিন ধরেই আখাউড়ার সঙ্গে যুক্ত হওয়ার পক্ষে ছিলেন। যদিও নতুন ইউনিয়ন গঠন নিয়ে স্থানীয়ভাবে কিছু বিরোধিতাও ছিল।
