জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার দুটি কলেজ থেকে কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি। প্রতিষ্ঠান দুটির মোট ৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করলেও উত্তীর্ণ হয়েছেন একজনও নন। এ নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।
শূন্য পাস করা প্রতিষ্ঠান দুটি হলো বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ ও জিনদপুর স্কুল অ্যান্ড কলেজ। এর মধ্যে বীরগাঁও স্কুল অ্যান্ড কলেজ থেকে সাতজন এবং জিনদপুর স্কুল অ্যান্ড কলেজ থেকে দুজন পরীক্ষায় অংশ নেন। উভয় প্রতিষ্ঠানের পাসের হার শূন্য শতাংশ। প্রতিষ্ঠান দুটির সব পরীক্ষার্থীই মানবিক বিভাগের শিক্ষার্থী ছিলেন।
এদিকে, নবীনগর উপজেলার সামগ্রিক এইচএসসি পরীক্ষার ফলাফলও হতাশাজনক। প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলায় ১ হাজার ৭৬১ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬৫৮ জন। অকৃতকার্য হয়েছেন ১ হাজার ১০৩ জন। এ ছাড়া জিপিএ-৫ পেয়েছেন ১০ জন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে নবীনগর সরকারি কলেজে ৪২৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১৮৩ জন। পাসের হার ৪২ দশমিক ৮৬ শতাংশ। নবীনগর মহিলা ডিগ্রি কলেজে ১৭২ জনের মধ্যে ৫৪ জন (৩১ দশমিক ৪০ শতাংশ), সলিমগঞ্জ ডিগ্রি কলেজে ৩০১ জনের মধ্যে ৭৩ জন (২৪ দশমিক ২৫ শতাংশ), সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজে ১৬৬ জনের মধ্যে ৬৬ জন (৩৯ দশমিক ৭৫ শতাংশ), আলীমউদ্দিন জোবেদা কলেজে ৮২ জনের মধ্যে ২১ জন (২৫ দশমিক ৬১ শতাংশ) এবং ব্যারিস্টার জাকির আহমেদ কলেজে ৩৭৭ জনের মধ্যে ১৪৮ জন উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৩৯ দশমিক ২৬ শতাংশ।
এ ছাড়া শ্যামগ্রাম মোহিনী কিশোর স্কুল অ্যান্ড কলেজে ১২৪ জনের মধ্যে ৩৯ জন (৩১ দশমিক ৪০ শতাংশ), বিটঘর দানবীর মহেশচন্দ্র ভট্টাচার্য কলেজে ১২১ জনের মধ্যে ৬৭ জন (৫৫ দশমিক ৩৭ শতাংশ) এবং রাবেয়া মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজে দুইজনের মধ্যে একজন পাস করেছেন। প্রতিষ্ঠানটির পাসের হার ৫০ শতাংশ।
অন্যদিকে, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় নবীনগর উপজেলায় ১৭৭ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৭৬ জন। পাসের হার ৪২ দশমিক ৯৪ শতাংশ। এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন চারজন।
এ ছাড়া এইচএসসি (বিএম) পরীক্ষায় ৪১ জন পরীক্ষার্থীর মধ্যে ৩৬ জন উত্তীর্ণ হয়েছেন। এ বিভাগে পাসের হার ৮৭ দশমিক ৮০ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছেন তিনজন।
ফলাফল বিশ্লেষণে দেখা যায়, সাধারণ এইচএসসি পরীক্ষায় উপজেলার সামগ্রিক ফলাফল আশানুরূপ না হলেও কারিগরি (বিএম) বিভাগে তুলনামূলক ভালো ফলাফল হয়েছে।
