ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় সাকিনা আক্তার (১৮) নামে এক নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ, তাকে মারধর করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী সৌদিপ্রবাসী সাকিবকে আটক করেছে পুলিশ।
বুধবার ভোরে সদর উপজেলার রাধিকা এলাকায় স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত সাকিনা আক্তার সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের টিঘর গ্রামের পূর্বপাড়া এলাকার হুমায়ুন মিয়ার মেয়ে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার সকালে সাকিনার অসুস্থতার কথা জানিয়ে তার পরিবারের সদস্যদের ফোন করেন স্বামী সাকিব। খবর পেয়ে স্বজনরা দ্রুত সেখানে গিয়ে সাকিনাকে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে মরদেহ উদ্ধার করে দুপুরে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এদিকে সাকিনার মৃত্যুর পর তার শ্বশুরবাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যান বলে জানিয়েছে পরিবার। নিহতের স্বজনদের অভিযোগ, সাকিনাকে মারধর করে হত্যা করা হয়েছে।
ঘটনার পর পুলিশ সাকিনার স্বামী সাকিবকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।
