ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সমাবেশ ও আনন্দ মিছি
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় সমাবেশ ও বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ মাঠে জেলা বিএনপির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের করা হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে লোকনাথ দিঘীর পাড় মাঠে গিয়ে শেষ হয়।
জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজমের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ, সিনিয়র সহ-সভাপতি জহিরুল হক খোকন, জেলা বিএনপির সিনিয়র সদস্য ও সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা কচি এবং সহ-সভাপতি অ্যাডভোকেট তরিকুল ইসলাম রুমা।
সমাবেশে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠিত আনন্দ মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের হাজারো নেতাকর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ী অংশ নেন।
সমাবেশে বক্তারা বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও ত্যাগের ইতিহাস তুলে ধরেন। তারা বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি দীর্ঘদিন ধরে আন্দোলন-সংগ্রাম করে আসছে।
বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা এবং বিএনপি প্রতিষ্ঠার বিভিন্ন দিক তুলে ধরে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
