নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় বর্তমানে কোনো সার সংকট নেই বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. আবুসাঈদ। একই সঙ্গে সরকারি বরাদ্দের সার অবৈধভাবে মজুত কিংবা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ জরিমানা করা হবে বলে সতর্ক করেছেন তিনি।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সার ডিলার ও সংশ্লিষ্টদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন জেলা প্রশাসক। জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যৌথভাবে এ সভার আয়োজন করে।
সভায় বিসিআইসি ও বিএডিসির সার ডিলারদের মাধ্যমে সার বিতরণ, কৃষি উপকরণের সুষ্ঠু সরবরাহ, কৃষক কার্ড বিতরণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধিসহ মাঠপর্যায়ে কৃষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, “জেলায় সার সংকট নেই। কৃষকদের জন্য বরাদ্দ করা সার কোনো ডিলার বা অন্য কেউ অবৈধভাবে মজুত করতে পারবেন না। সরকারি নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামও নেওয়া যাবে না।”
তিনি বলেন, কৃষকদের কাছে সরাসরি ও যথাসময়ে সার পৌঁছে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। সার বিতরণে কোনো ধরনের অনিয়ম হলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে।
সার বিতরণে অনিয়ম ঠেকাতে মাঠপর্যায়ে তদারকি আরও জোরদার করার নির্দেশ দেন জেলা প্রশাসক। একই সঙ্গে উপসহকারী কৃষি কর্মকর্তাদের স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।
ডিলারদের সতর্ক করে জেলা প্রশাসক বলেন, সার বিতরণ কার্যক্রম মাঠপর্যায়ে গোয়েন্দা সংস্থার সদস্যরাও পর্যবেক্ষণ করছেন। কোনো ধরনের অনিয়ম বা অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ডিলারের ডিলারশিপ বাতিলসহ জরিমানা করা হবে।
তিনি আরও বলেন, কৃষকদের প্রয়োজনীয় সার যেন নির্ধারিত সময়ে হাতে পৌঁছে—এ বিষয়টি সংশ্লিষ্ট সবাইকে নিশ্চিত করতে হবে। কৃষির উন্নয়ন ও উৎপাদন বৃদ্ধিতে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, ডিলার ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভাপতির বক্তব্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মোস্তফা ইমরান হোসেন বলেন, এ মুহূর্তে সার সংকট নিয়ে বিভ্রান্ত না হতে সবাইকে অনুরোধ করা হচ্ছে। নিয়ম মেনে কৃষকদের মধ্যে সার বিক্রি করতে হবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাত ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দে, জেলা সার সমিতির নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার সার ডিলার ও বিক্রয় প্রতিনিধিরা।
