ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২০ কেজি গাঁজাসহ একটি ট্রাক আটক করেছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাত ১২টা ৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাকে তল্লাশি চালিয়ে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় মাদক কারবারির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার দক্ষিণ ছয়শ্রী এলাকার আহমদ গফুরের ছেলে মো. আব্দুল হক, হবিগঞ্জ জেলার গৌরাঙ্গীর চর এলাকার আকমির মিয়ার ছেলে মো. রুবেল মিয়া এবং ঢাকা জেলার রমনা থানার মগবাজার চেয়ারম্যান গলির বাসিন্দা (ভাসমান) মোসলেম মিয়ার ছেলে মো. আকরাম মিয়া।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়েছে। এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
