ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় সালমান সাদিক সাইফ (২৪) নামে ব্রাহ্মণবাড়িয়ার এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৭ অক্টোবর) রাতে দেশটির জোহর বারু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালমান সাদিক সাইফ ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ছয়বাড়িয়া গ্রামের মো. সাজন মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি মালয়েশিয়ায় অবস্থান করছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে জোহর বারু এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন সাইফ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সাইফের মৃত্যুর খবর দেশে তার পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা তার মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রবাসী কমিউনিটির সহযোগিতা কামনা করেছেন।
তবে কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনার কারণ জানতে স্থানীয় কর্তৃপক্ষের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গেছে।
নিহত সাইফের পরিবারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।
