ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুরে অভিযান চালিয়ে ২ হাজার ৪০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এ সময় ৩০টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পাশাপাশি অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সুহিলপুর ইউনিয়নের আনসারপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রিন্স সরকারের নেতৃত্বে পরিচালিত অভিযানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের কর্মকর্তারা অংশ নেন।
বাখরাবাদ গ্যাসের ব্রাহ্মণবাড়িয়া কার্যালয়ের উপব্যবস্থাপক (বিক্রয়) মো. শফিকুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুহিলপুরের আনসারপাড়া এলাকায় বেশ কিছু অবৈধ গ্যাস সংযোগের তথ্য পাওয়া যায়। এর ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ২ হাজার ৪০০ ফুট অবৈধ গ্যাস পাইপলাইন উচ্ছেদ করা হয় এবং ৩০টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
তিনি জানান, অবৈধভাবে রাষ্ট্রীয় গ্যাস ব্যবহারের দায়ে পাঁচজনকে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০-এর বিভিন্ন ধারায় মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে।
