ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের ভাদুঘর এলাকা থেকে প্রান্ত (২৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গত ৭ নভেম্বর রাতে ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বেলাল হোসেনের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার প্রান্ত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর দেওয়ানপাড়ার মো. সোহেল খাঁর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রান্ত ও তার সহযোগীদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ভাদুঘরসহ আশপাশের এলাকায় চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার গ্রেপ্তারের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রান্তের বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানাসহ একাধিক মামলা রয়েছে। তার সহযোগীদের শনাক্ত ও আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।