ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ধর্ষণের অভিযোগের পর গুরুতর আহত ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় জাহিদুল নামে এক কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার তালশহর ইউনিয়নের আন্দিরদিল বাজারসংলগ্ন হাজী কুদ্দুস মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
পরিবার সূত্রে জানা গেছে, সকালে শিশুটি ধর্ষণের শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টা ২০ মিনিটে হাসপাতালে নেওয়ার পর জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে ২টা ৩০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
পরিবারের দাবি, শিশুটির শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন স্থানীয়রা। শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে মরদেহ দেখতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভিড় করেন স্বজন ও স্থানীয়রা।
ঘটনার খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তালশহর এলাকা থেকে জাহিদুলকে আটক করে, জাহিদুল একই এলাকার মৃত শাহ আলম মিয়ার ছেলে,
আশুগঞ্জ থানার ওসি মো. শফিকুল আলম চৌধুরী জানান, শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
