ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে দরিকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মির্জা শফিকুল ইসলাম স্বপনের পৈতৃক বাড়ির একটি বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার দরিকান্দি ইউনিয়নের খাল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
আগুনে ঘরটির কাঠ ও টিনের কাঠামো, আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
স্থানীয়রা জানান, গভীর রাতে ওই বাড়িতে আগুনের শিখা দেখতে পান তারা। পরে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরিবারের সদস্যদের দাবি, দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে ঘরটিতে আগুন দিয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, মির্জা শফিকুল ইসলাম স্বপনের বাবা মরহুম জীবন মিয়া দরিকান্দি ইউনিয়ন পরিষদের তিনবারের চেয়ারম্যান ছিলেন। পরিবারটির দীর্ঘদিন ধরে ওই এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা রয়েছে। স্বপনও দরিকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা তিনবার নির্বাচিত হন।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে মির্জা শফিকুল ইসলাম স্বপন এলাকায় নেই। অগ্নিকাণ্ডের সঙ্গে রাজনৈতিক বিরোধ বা প্রতিহিংসার সম্পর্ক থাকতে পারে বলে স্থানীয়দের কেউ কেউ ধারণা করছেন। তবে এ বিষয়ে এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
মির্জা শফিকুল ইসলাম স্বপন বলেন, ‘এটি আমার বাবার আমলের পুরোনো কাঠের তৈরি একটি ঘর। ঘরটির সঙ্গে আমাদের পরিবারের ঐতিহ্য ও স্মৃতি জড়িয়ে আছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের জন্য ও উন্নয়নে কাজ করেছি। প্রতিহিংসার কারণে আমাদের ঘরটি পুড়িয়ে দেওয়া হবে, এটা ভাবতেও পারছি না। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাই।’
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অগ্নিকাণ্ডের কারণ এবং এর পেছনে কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে।
