পুলিশের কার্যক্রমে গতিশীলতা, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও পরিবেশবান্ধব পুলিশ স্থাপনা গড়ে তোলার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলার মাঠপর্যায়ের পুলিশি কার্যক্রম পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী, পিপিএম।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) তিনি জেলার নাসিরনগর, সরাইল, আশুগঞ্জ, বিজয়নগর ও ব্রাহ্মণবাড়িয়া সদর থানাসহ বিভিন্ন তদন্ত কেন্দ্র, পুলিশ স্থাপনা ও ক্যাম্প পরিদর্শন করেন।
পরিদর্শনকালে ডিআইজি সংশ্লিষ্ট থানা ও পুলিশ স্থাপনাগুলোর সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি পেশাদারিত্ব, সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এদিকে, পরিদর্শনের অংশ হিসেবে বিভিন্ন থানায় ফলদ বৃক্ষের চারা রোপণ করেন ডিআইজি। এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের ওপর গুরুত্বারোপ করেন। পুলিশ স্থাপনাগুলোকে সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব হিসেবে গড়ে তোলার পাশাপাশি এ উদ্যোগ পরিবেশ সচেতনতার ইতিবাচক বার্তা বহন করছে।
পুলিশের মাঠপর্যায়ের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ, দায়িত্বশীল নেতৃত্ব ও জনবান্ধব পুলিশিং নিশ্চিত করার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও গুরুত্ব দিচ্ছে চট্টগ্রাম রেঞ্জ।
