নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া
তরুণদের মাঠমুখী করা, ক্রীড়াঙ্গনে নতুন প্রতিভা তুলে আনা এবং সুস্থ সমাজ গঠনের প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হয়েছে ‘জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; বরং শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তোলার অন্যতম কার্যকর মাধ্যম। বিশেষ করে ফুটবল তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তাঁরা আরও বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপের মতো আয়োজন স্থানীয় পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের বিকাশের সুযোগ তৈরি করবে। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়ার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি জাতীয় পর্যায়ে নিজেদের প্রতিভা তুলে ধরার পথও সুগম করবে।
বক্তারা এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সব দল ও খেলোয়াড়ের প্রতি শুভকামনা জানান এবং একটি সুশৃঙ্খল, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও সফল আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।
