ব্রাহ্মণবাড়িয়ায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিলের জবাবে পাল্টা অবস্থান ও বিক্ষোভ মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা। আজ মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকায় জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিনের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়।
এসময় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং সাম্প্রতিক সময়ে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্য তৎপরতার সমালোচনা করেন। তারা দাবি করেন, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতাকর্মীরা বিভিন্নভাবে এলাকায় অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে।
কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে শাহিনুর রহমান শাহিন বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে সন্ত্রাস ও দখলবাজ রাজনীতির কোনো জায়গা হবে না। ছাত্রলীগ যদি আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, তাহলে ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে তার প্রতিরোধ গড়ে তোলা হবে।”
এসময় জেলা ও বিভিন্ন ইউনিট ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে শহরের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম জানান, “মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের সনাক্ত করে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।”
