
পরিচ্ছন্ন ও সুন্দর শহর গড়ার প্রত্যয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে সামাজিক সংগঠন বিডি ক্লিন, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া এবং ব্রাহ্মণবাড়িয়া নব দিগন্ত এতিম সংগঠন।
শুক্রবার (১০ এপ্রিল) সকাল ১১টায় শপথ বাক্য পাঠের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ। উদ্বোধনের পরপরই স্বেচ্ছাসেবীরা খন্তি, কোদালসহ বিভিন্ন পরিচ্ছন্নতা সামগ্রী নিয়ে স্টেশন এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।
অভিযানে অংশ নেওয়া স্বেচ্ছাসেবীরা স্টেশন চত্বর, রেললাইন, প্ল্যাটফর্ম, আশপাশের ফুটপাত এবং পরিত্যক্ত স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন। প্রায় অর্ধশতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিচালিত এ কার্যক্রমে পুরো এলাকা দ্রুতই পরিচ্ছন্ন ও পরিপাটি হয়ে ওঠে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলাম সিরাজ বলেন, বিডি ক্লিন একটি মহৎ উদ্যোগ বাস্তবায়ন করছে। পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গড়ে তুলতে এ ধরনের কার্যক্রমে সবাইকে এগিয়ে আসতে হবে।
স্বেচ্ছাসেবীরা বলেন, পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে হলে সবাইকে সচেতন হতে হবে এবং যত্রতত্র ময়লা ফেলা থেকে বিরত থাকতে হবে।
এসময় আরও উপস্থিত ছিলেন স্টেশন মাস্টার শাকিল জাহান, জিআরপি ফাঁড়ি ইনচার্জ, রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) ইনচার্জ এমদাদুল হক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ, বিডি ক্লিন ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক সোহান মাহমুদ, সদর উপজেলার ওলামা দলের আহ্বায়ক মাওলানা ইসহাক, ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার মোহাম্মদ সাবের হোসেন, আরিফ বিল্লাহ আজিজ, ব্রাহ্মণবাড়িয়া নব দিগন্তের এম এ কাদের, কোহিনুর আক্তার প্রিয়াসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।