
নবীনগর প্রতিনিধি ঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে অধ্যাপক মাহবুবুর রহমান-কে সংসদ সদস্য প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য।
দলীয় ঘোষণায় জানানো হয়, “হাত পাখা” প্রতীক নিয়ে তিনি নবীনগর আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নৈতিকতা, সুশাসন ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে তাকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দ জানান, অধ্যাপক মাহবুবুর রহমান একজন সৎ, যোগ্য ও আদর্শবান নেতৃত্ব হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ও দাওয়াহ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার মাধ্যমে নবীনগরের জনগণ একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী নেতৃত্ব পাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে প্রার্থী ঘোষণার পর নবীনগরসহ আশপাশের এলাকায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। দলটি মনে করছে, জনসম্পৃক্ত রাজনীতি ও ইসলামী আদর্শের প্রতি জনগণের আস্থার কারণে আসন্ন নির্বাচনে তারা ইতিবাচক ফলাফল অর্জন করতে সক্ষম হবে।