ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিশ্বের অন্যতম বৃহৎ আন্তর্জাতিক বইমেলা—মিশরের কায়রো আন্তর্জাতিক বইমেলা-২০২৬—এ অংশগ্রহণ করে জ্ঞান ও গবেষণার ভাণ্ডার সমৃদ্ধ করার এক অনন্য উদ্যোগ নিয়েছে বাংলাদেশের ঐতিহ্যবাহী ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া, ব্রাহ্মণবাড়িয়া। এই মেলায় জামিয়ার বিখ্যাত গ্রন্থাগার “মাকতাবায়ে ফখরে বাঙাল”-এর জন্য বিশ্বের দুর্লভ ও মূল্যবান কিতাব সংগ্রহ করছেন
প্রতিষ্ঠানটির আরবি সাহিত্য বিভাগের প্রধান ও স্বনামধন্য মুহাদ্দিস শাইখ আবু বকর হাফিজাহুল্লাহ্। জানা গেছে, তিনি জর্ডান, সৌদি আরব, কাতার, সিরিয়া, লেবানন ও বৈরুতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের প্রকাশিত প্রায় অর্ধকোটি টাকার দুষ্প্রাপ্য ও মৌলিক কিতাব সংগ্রহ করছেন। এসব গ্রন্থের মাধ্যমে শতাধিক দেশের গবেষণালব্ধ জ্ঞানভাণ্ডার বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য সহজলভ্য হবে, যা কওমি মাদ্রাসাভিত্তিক উচ্চতর শিক্ষা ও গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, কায়রো আন্তর্জাতিক বইমেলা বিশ্বের বৃহত্তম বইমেলাগুলোর একটি। গত বুধবার মিশরের প্রেসিডেন্ট ও শাইখুল আজহারসহ দেশটির শীর্ষ রাষ্ট্রীয় ও ধর্মীয় ব্যক্তিবর্গ আনুষ্ঠানিকভাবে বইমেলা-২০২৬ এর উদ্বোধন করেন। পূর্ববর্তী বছরগুলোতে প্রায় ৬ মিলিয়ন দর্শনার্থীর অংশগ্রহণের রেকর্ড থাকলেও, এবারের আসরটি আরও ব্যাপক ও সমৃদ্ধ বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। ২০২৬ সালের এই আন্তর্জাতিক বইমেলায় অংশ নিয়েছে— বিশ্বের ৮৩টি দেশ, ১,৪৫৭টি প্রকাশনা সংস্থা, এবং মোট ৬,৬৩৭ জন প্রদর্শক।
শিক্ষা সংশ্লিষ্ট মহল মনে করছেন, শাইখ আবু বকর হাফিজাহুল্লাহ্ এর এই উদ্যোগ বাংলাদেশের কওমি মাদ্রাসা শিক্ষাব্যবস্থায় গবেষণা ও উচ্চতর জ্ঞানচর্চার নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি, শিক্ষা ও সংস্কৃতির ক্ষেত্রে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় ও আন্তর্জাতিক পরিমণ্ডলে আরও একধাপ এগিয়ে যাবে—এমন আশাবাদ ব্যক্ত করেছেন তারা।
