ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার বলেছেন, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত একটি নিরাপদ রাষ্ট্র।
শনিবার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ভাটামাথা গ্রামে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আতাউর রহমান সরকার বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় এলে সকল ধর্মের মানুষ পূর্ণ নিরাপত্তা ও স্বাধীনতার সঙ্গে বসবাস করতে পারবে। নারীদের উচ্চশিক্ষা নিশ্চিত করা হবে এবং যোগ্যতার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে।তিনি আরও বলেন, যুব সমাজের জন্য উচ্চশিক্ষায় বিনামূল্যে মাসিক স্কলারশিপ চালু করা হবে, যাতে মেধাবীরা আর্থিক সংকটে পড়াশোনা থেকে ঝরে না পড়ে।
এসময় তিনি আখাউড়া–কসবা এলাকার সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, স্বাস্থ্যখাতে বরাদ্দ বৃদ্ধি এবং মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা আনতে সরকার কর্তৃক বরাদ্দপ্রাপ্ত আয়-ব্যয়ের হিসাব প্রতি ছয় মাস অন্তর প্রকাশ করা হবে।এছাড়াও প্রতিটি গ্রামের প্রতিনিধিদের সমন্বয়ে স্থানীয় উন্নয়ন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।জনগণের সমস্যা মনোযোগ দিয়ে শুনে তা সমাধানে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও আশ্বাস দেন সংসদ সদস্য প্রার্থী আতাউর রহমান সরকার।
ধরখার ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি আব্দুল হামিদ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আখাউড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির ইকবাল হোসেন, সেক্রেটারি বোরহান উদ্দিন, জেলা শূরা সদস্য আব্দুল মুত্তালিব, কসবা উপজেলা জামায়াতের সেক্রেটারি গোলাম সারোয়ার, জেলা ছাত্রশিবিরের সভাপতি জুলফিকার হায়দার রাফি, লন্ডন প্রবাসী জামিল ভুঁইয়া ও ইতালি প্রবাসী জিয়াউল করিম ভুঁইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।
