নাসিরনগর প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কুণ্ডা ইউনিয়নের মহিষবেড় গ্রামে অ্যাপেক্স ক্লাব অব তিতাসের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে এলাকার অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়।
ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে রোগীদের চিকিৎসাসেবা দেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জাহিদুল ইসলাম। দিনব্যাপী এ কার্যক্রমে রোগীদের বিনামূল্যে ইসিজি (ECG), রক্তচাপ ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের মধ্যে প্রয়োজনীয় ওষুধও বিনামূল্যে বিতরণ করা হয়।
স্থানীয় বিশিষ্ট ব্যক্তি মর্তুজ আলীর সার্বিক সহযোগিতা ও সৌজন্যে তাঁর নিজ বাসভবনে এ সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অ্যাপেক্স ক্লাব অব তিতাসের বর্তমান সভাপতি অ্যাপেক্সিয়ান নিয়াসেন সুমন, প্রাক্তন সভাপতি অ্যাপেক্সিয়ান সাঞ্জিদা সিকদার লিটা, প্রিন্সিপাল মোস্তফা কামাল, প্রাক্তন সভাপতি অ্যাপেক্সিয়ান রফিকুল ইসলাম নয়নসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় বিশিষ্টজনেরা বলেন, এলাকার পিছিয়ে পড়া ও দরিদ্র মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা ও প্রয়োজনীয় ওষুধ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
