দ্রুত আসামিদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি, মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে ‘ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়া’র উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক শেখ আরিফ বিল্লাহ আজিজী।
তিনি বলেন, ধর্ষণ ও হত্যার মতো জঘন্য অপরাধ কোনো সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। মাহিদার সঙ্গে ঘটে যাওয়া ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, কোনো অপরাধী যেন আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যেতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ভূমিকা রাখতে হবে।
মানববন্ধনে বক্তারা বলেন, মাহিদার ধর্ষণ ও হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আদালতে উপস্থাপন করতে হবে। একই সঙ্গে তারা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা শুধু পরিবারের দায়িত্ব নয়, রাষ্ট্র ও সমাজেরও দায়িত্ব। ধর্ষণ, হত্যা ও নারী নির্যাতনের মতো অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় হওয়ার পাশাপাশি সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
মানববন্ধনে বক্তব্য দেন ঐক্যবদ্ধ সদর ব্রাহ্মণবাড়িয়ার সদস্যসচিব মোহাম্মদ সাবের হোসেন, ঐক্যবদ্ধ আশুগঞ্জের প্রতিনিধি জয়ন্তী বিশ্বাস, জাতীয় ছাত্র শক্তি ব্রাহ্মণবাড়িয়া জেলার সদস্যসচিব শিমুল চৌধুরী, সজল চৌধুরী, আহমাদুল্লাহ খান জোবায়ের, সাঈদ আব্দুল্লাহ হিমু, সুলতান নাঈমসহ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় বক্তারা ভুক্তভোগী পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন। পরে মানববন্ধন শেষে একটি সংক্ষিপ্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল থেকে মাহিদার ধর্ষণ ও হত্যার প্রতিবাদ এবং ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
