ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা ও শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
সোমবার (১০ আগস্ট) বিকেল ৫টায় ব্রাহ্মণবাড়িয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজ।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রঞ্জন চন্দ্র দের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. নোমান মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু সাঈদ মোহাম্মদ গাউসুল আজম এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহিন।
আলোচনা সভায় বক্তারা রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংগীত ও সৃষ্টিশীল কর্মের নানা দিক তুলে ধরেন। বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে তাঁর অসামান্য অবদান এবং বাঙালির সাংস্কৃতিক চেতনা বিকাশে তাঁর ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
অনুষ্ঠানে সংস্কৃতিপ্রেমী, শিল্পী, সাহিত্যিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় বিশ্বকবির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
উল্লেখ্য, বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ, ৭ আগস্ট ১৯৪১ সালে কলকাতায় মৃত্যুবরণ করেন। প্রতিবছর বাংলা ২২ শ্রাবণ তাঁর প্রয়াণ দিবস হিসেবে পালিত হয়।
