নিজস্ব প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া:দিনের শুরুতেই সড়ক দুর্ঘটনায় আহত হলেন আট পুলিশ সদস্য। ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের ভেলানগর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশবাহী একটি গাড়ি সড়কের পাশের জমিতে উল্টে পড়ে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পিয়াস বসাক বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনস থেকে একটি টিম ঢাকা মেট্রো-ঠ-১৪-৩০৬৩ নম্বরের গাড়িতে নির্ধারিত গন্তব্যে রওনা হয়েছিল।
ভেলানগর এলাকায় পৌঁছালে হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডান পাশে খাদসংলগ্ন জমিতে উল্টে যায়।দুর্ঘটনায় জুয়েল মিয়া ও কনস্টেবল শরিফ গুরুতর আহত হন। এছাড়া কনস্টেবল মহিউদ্দিন, মেহেদী হাসান, জহির রায়হান, আব্দুল সালাম, মাইনুল হাসান এবং এএসআই (এবি) নিজাম আহত হয়েছেন।স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে প্রথমে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নেওয়া হয়। পরে গুরুতর দুজনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়।
দুর্ঘটনার কারণ নির্ণয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
