ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেঘনা নদীর তীর থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের সময় সাতজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (১২ আগস্ট ২০২৬) উপজেলার অরুয়াইল ইউনিয়নের চর কাকরিয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধভাবে মাটি উত্তোলনের সময় তাদের আটক করা হয়।
পরে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় প্রত্যেককে ৪০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযানকালে অবৈধভাবে মাটি উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড ও একটি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন—পটুয়াখালীর আমখলা থানার আমখল এলাকার বড় হাওলাদারের ছেলে কামাল মিয়া (৫০); নরসিংদীর মুরাদনগর এলাকার ফুল মিয়ার ছেলে রিপন মিয়া (৩৩); লক্ষ্মীপুরের চর গজারিয়া এলাকার আব্দুর গফুরের ছেলে আবুল কাশেম (৩০); কমলনগর থানার পূর্ব চর ফলবান এলাকার মো. হোসেনের ছেলে আওলাদ হোসেন (২৯); লক্ষ্মীপুর সদরের চর লক্ষ্মীপুর এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো. রাহাদ (১৮); লক্ষ্মীপুর এলাকার বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৮) এবং রামগতির আলেকজান্ডার এলাকার শাহ আলমের ছেলে আল আমিন (৩৫)।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নদীর তীর ও মাটি থেকে অনুমোদন ছাড়া অবৈধভাবে মাটি বা বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। পরিবেশ ও নদীর তীর রক্ষায় আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, অবৈধভাবে মাটি উত্তোলনের কারণে নদীর তীর ভাঙনসহ পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। নদীর তীর ও পরিবেশের ক্ষতি রোধে প্রশাসনের নিয়মিত অভিযান এবং আরও কঠোর পদক্ষেপের দাবি জানিয়েছেন তারা।
