গতকাল রাতে কওমি ছাত্র ঐক্য পরিষদের আয়োজিত মিছিলে অনাকাঙ্ক্ষিতভাবে একজন ব্যক্তি এমপি হাসানাত আব্দুল্লাহকে নিয়ে ব্যঙ্গাত্মক, কুরুচিপূর্ণ ও আপত্তিকর স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। বিষয়টি পরিষদের দৃষ্টিগোচর হওয়ার পর এ ঘটনায় দুঃখ ও নিন্দা জানিয়েছে কওমি ছাত্র ঐক্য পরিষদ।
এক বিবৃতিতে পরিষদ জানায়, ওই ব্যক্তির দেওয়া স্লোগান বা বক্তব্যের সঙ্গে কওমি ছাত্র ঐক্য পরিষদের কোনো সম্পৃক্ততা নেই। এটি পরিষদের আদর্শ, মূল্যবোধ কিংবা ঘোষিত কর্মসূচির কোনো অংশ নয়। বরং এ ধরনের ব্যক্তিগত ও অনাকাঙ্ক্ষিত বক্তব্যের ঘটনায় পরিষদের সর্বস্তরের ছাত্রসমাজ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে।
পরিষদ আরও জানায়, ইসলাম কোনো ব্যক্তিকে তাঁর পরিচয়, বৈশিষ্ট্য বা অবস্থানের কারণে অপমান, হেয় বা অবমাননা করাকে সমর্থন করে না। পারস্পরিক সম্মান, শালীনতা ও মানুষের মর্যাদা রক্ষা করা প্রত্যেকের নৈতিক ও ইসলামী দায়িত্ব।
অনাকাঙ্ক্ষিত ওই ঘটনার জন্য কওমি ছাত্র ঐক্য পরিষদ দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। একই সঙ্গে ভবিষ্যতে পরিষদের কোনো কর্মসূচিতে এ ধরনের অনভিপ্রেত ও ব্যক্তিগত কুরুচিপূর্ণ স্লোগান বা বক্তব্য যাতে না ঘটে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।
কওমি ছাত্র ঐক্য পরিষদ
ব্রাহ্মণবাড়িয়া
